Print Date & Time : 15 November 2026 Sunday 10:13 am

সিলেটে বিজিব’র অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরে সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত পৃথকভাবে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি-১৯ ব্যাটালিয়ন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো, শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের সোনারখেওর বিওপি’র একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিকিড়পাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৪৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।

এছাড়া শুক্রবার সকাল ১০টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাংগিল নামক স্থান হতে ৪ হাজার ২৮০টি ভারতীয় চশমা জব্দ করে।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ভাল্লুকমারা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ টি ভারতীয় ইয়ামাহা (R-15) মোটরসাইকেল জব্দ করে।

এদিন ভোর ৫টার দিকে লোভাছড়া বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাগানবাজার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২০ ফুট ভারতীয় কাঠ জব্দ করে।

এছাড়া বুধবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চাংগিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি এবং ১ টি ডিআই পিকআপ জব্দ করে।

বিজিবির দাবি, জব্দ করা মালামালের মূল্য ৩৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে বলেও জানানো হয়।