Print Date & Time : 15 November 2026 Sunday 10:58 pm

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : “অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশই আমাদের কাম্য”এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সুনামগঞ্জের মাল্লিকপুরস্থ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট আবু হানিফ নোমান। প্রধান শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নার্সারি, ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, দেশাত্মবোধক গান, ছড়াগান, কবিতা আবৃত্তি, কৌতুক ও একক অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক রায়হানা পারভীন, প্রিয়া দেব, লাকী দাস, রামিনা আক্তার শোভা, শিউলি বেগম, খাদিজা আক্তার ইমাসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে নতুন প্রজন্মকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও দেশীয় সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। সার্বিকভাবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //