Print Date & Time : 17 November 2026 Tuesday 11:47 am

সোনাইমুড়ীর দুই হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীর আলোচিত ফয়েজ আহমেদ হত্যা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে পৃথক দুটি সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকেও ভোলা থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফয়েজ আহমেদ হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি ওসমান (২৩), ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার ৪ নম্বর আসামি শহিদুল ইসলাম শাওন (২৫) এবং দুই সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মোস্তাফা কামাল।

বুধবার (২২ জুলাই) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা, গাজীপুর ও ভোলায় পৃথক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩-এর সঙ্গে র‍্যাব-১, র‍্যাব-২ ও র‍্যাব-৮-এর যৌথ দল অভিযান পরিচালনা করে। মঙ্গলবার দুপুরে ঢাকার হাজারীবাগ থানার গজমহল রোড এলাকা থেকে ওসমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকা থেকে মোস্তাফা কামালকে আটক করা হয়। পরে বুধবার রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে শহিদুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১১ জুন রাতে সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে ফয়েজ আহমেদ ও তার সঙ্গে থাকা দুইজনকে মাদকসেবী অপবাদ দিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে অন্য একটি স্থানে নিয়ে আবারও তাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত ফয়েজ আহমেদকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, আমিশাপাড়া বাজারের মিতালী বেকারির মালিক ব্যবসায়ী আব্দুর রহিম (৫৭) টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২৬ নভেম্বর মারধরের শিকার হন। লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

এ ছাড়া র‍্যাব জানায়, মো. মোস্তাফা কামালের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রায়পুর থানার দুটি মামলায় আদালত ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার ওসমানকে হাজারীবাগ থানায়, শহিদুল ইসলাম শাওনকে সোনাইমুড়ী থানার তদন্ত কর্মকর্তার কাছে এবং মোস্তাফা কামালকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।