Print Date & Time : 12 November 2026 Thursday 1:28 am

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছে সরকার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শেখ হাসিনা স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করেছে। ফলে মানুষের প্রয়োজন নিশ্চিত হচ্ছে। গ্রাম আদালত শক্তিশালী হওয়ায় দেশবাসী হয়রানি মুক্ত সঠিক সেবা পাচ্ছেন।

মঙ্গলবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা মুক্তমঞ্চে জাতীয় ‘স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষ এখন পূর্নাঙ্গ ডিজিটাল সেবা পাচ্ছেন। শেখ হাসিনার পরবর্তী টার্গেট স্মার্ট বাংলাদেশ। এজন্য সরকার বহুমুখী উদ্যাগ নিয়েছে। এই পরিকল্পনায় সরকারী দপ্তরগুলোতে স্মার্ট সেবা প্রদানের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আমন্ত্রন জানিয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মানিত করেছেন। তাঁর দূরদর্শি চিন্তার সুফল ভোগ করছে মানুষ। এখন আর কোন মানুষ অবহেলিত নেই। প্রতিটি ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অন্তত ১০ হাজার মানুষকে নিরবচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি লুটপাট ও মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করে।

অনুষ্ঠানে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সরকারী উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাপাহার উপজেলায় দুই ব্যাক্তির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক,ভাতা প্রদানের চেক, বস্ত্র, ১২০ জন কে মাতৃত্বকালীন ভাতা, ক্রীড়া সামগ্রী,শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।

দৈনিক দেশতথ্য//এইচ/