Print Date & Time : 13 November 2026 Friday 7:05 pm

স্মরণে বীর মুক্তিযোদ্ধা রাজনীতিক ও সাংবাদিক নির্মল সেন

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া(গোপালগঞ্জ) : বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন আগামীকাল সোমবার (৩ আগস্ট)। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবনের শুরুতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন নির্মল সেন। ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ঝালকাঠির কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিক পাস করার পর বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

স্কুলজীবনে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে শ্রমিক-কৃষকের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে নানা কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণও করতে হয়েছে।

সাংবাদিকতা জগতেও নির্মল সেন ছিলেন পরিচিত এক নাম। ১৯৬১ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু হয়। পরে দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন।

সাহিত্যচর্চাতেও নির্মল সেনের অবদান উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মা জন্মভূমি’, ‘আমার জবানবন্দি’, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘বার্লিন থেকে মস্কো’, ‘নেতাজীর অন্তর্ধান রহস্য’ এবং ‘লেনিন থেকে গরভাচেভ’।

২০০৩ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দেশে ও বিদেশে চিকিৎসা নেন তিনি। ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন এই প্রথিতযশা রাজনীতিক ও সাংবাদিক। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শিক্ষার জন্য দান করা হয়।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।