কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছর ধরেই বাজেট আসলে মুখস্থ কথা বলে আসছেন- এটা উচ্চবিলাসী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। আমরা কখনো উচ্চবিলাসী বাজেট দেই নি। আগে দেশে মোট জিডিপির আকার ছিলো চার লাখ ৮৪ হাজার কোটি টাকা, তা এখন ৪৪ লাখ কোটিতে উন্নীত হয়েছে। বাজেট কল্পনাভিত্তিক হলে এটি অর্জন করা সম্ভব হতো না। এ বাজেটের মাধ্যমে জিডিপির আকার আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এটি উচ্চবিলাসী ও কল্পনাভিত্তিক বাজেট নয়। এই বাজেট বাস্তবসম্মত। অতীতেও আমরা যেমন সফল হয়েছি, তেমনি আগামী দিনেও এই বাজেট বাস্তবায়নে সফল হবো।
২ জুন শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রানী ভবানী সরকারি স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন প্রসঙ্গে কৃষিমন্ত্রী এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। গ্রামের গরীব মানুষেরাও এখন উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম সকাল ০৯ টা থেকে সারাদিন চিকিৎসাসেবা দিয়েছে।
মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহসভাপতি ইয়াকুব আলী, খন্দকার আব্দুল গফুর মন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জএরা আওয়ামীগ নেতা বাপ্পু সিদ্দিকী, ডা. মীর ফরহাদুল আলম মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির যুবলীগ নেতা খন্দকার আলমগীর হোসেন শিমুল, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য/জুন ০২,২০২৩//