গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিকা বাজারে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে বাজারের রাকিবের বিরিয়ানি হাউজে থাকা একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখে হোটেলের কর্মীরা দ্রুত বের হয়ে যান। কিছুক্ষণ পর আগুন লাগা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এরপর হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে একটি হোটেল, একটি লাইব্রেরি, কাপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিকসের দোকান এবং একটি বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।