Print Date & Time : 12 November 2026 Thursday 5:11 pm

হামলার শিকার কুয়াকাটা পৌর মেয়র

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেয়ায় কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার হামলার শিকার হয়েছেন।

সমাবেশস্থলে বাক বিতন্ডা, ধাক্কাধাক্কির পর একটি ঔষধের দোকানে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি তার। কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা’র অনুসারীরা মেয়র আনোয়ারসহ তার কয়েক সমর্থককে মারধর করে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুয়াকাটা পর্যটন হোটেলের সামনে ও মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পর আহতরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগ পর্যটন কর্পোরেশনের ইয়ুথ-ইন কমপ্লেক্সের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব। তিনি সমাবেশস্থলে এলে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এ সময় সমাবেশে স্থলে যোগদেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।
এসময় পৌর নির্বাচনের বিরোধের জেরে জাপা নেতা আনোয়ারের সাথে বাক-বিতণ্ডা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা। বারেক মোল্লার অনুসারীরা মেয়রকে ধাক্কা দিলে তিনি সমাবেশ স্থল ত্যাগ করে মহাসড়কের পার্শ্ববর্তী একটি ঔষধের দোকানে আশ্রয় নেন। পরে সেখানেও তার উপর হামলা করা হয়।

পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘আমি আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এলে আমার উপর হামলা করা হয়। পৌর নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে সাবেক মেয়র বারেক মোল্লা, তার ছোট ভাই আনসার মোল্লা ও পুত্র মাসুদ মোল্লার নেতৃত্বেের হামলায় আমিসহ অন্তত ১০ জন আহত হয়। ‘

কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কুয়াকাটা পৌর মেয়রের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিস্তারিত খোঁজখবর নিয়েছি।’

মহিপুর থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান বলেন, ‘ঘটনার পর উত্তেজিত নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়া হয়েছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের কিংবা কাউকে আটক করা হয়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//