Print Date & Time : 13 November 2026 Friday 10:25 pm

১৩ ডিসেম্বর মির্জাপুর হানাদার মুক্ত দিবস

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ১৩ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় মির্জাপুর উপজেলা।

দীর্ঘ ৮ মাস ১০ দিন যুদ্ধের পর দামাল ছেলেরা পাকহানার বাহিনীর হাত থেকে মির্জাপুরকে শত্রু মুক্ত করে। ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত হলেও চিহিৃত হয়নি গন কবর। স্বাধীনতার ৫০ বছর পর উপজেলা পরিষদ চত্তরে শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতি স্তম্ভ উদ্বোধন হবে মঙ্গলবার ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইলের জেরা প্রশাসক। এ সময় স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন।

১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক আহবানে সারা দিয়ে টাঙ্গাইলে গঠিত হয় সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদ, কাদেরিয়া বাহিনী এবং বাতেন বাহিনীর সার্বিক সহযোগিতায় মির্জাপুর হানাদার মুক্ত হয়। এর নেতৃত্বে ছিলেন সাবেক সাংসদ এবং বর্তমান টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুক এবং কৃষক শ্রমিক জনতালীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ও সাবেক এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক জানান, মির্জাপুর উপজেলায় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ৮৯২ জন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ১১ নং সেক্টরের অধিনে এখানে যুদ্ধ হয়। আজাদ কামাল বীর বিক্রম আহত হয়েছিলেন। মির্জাপুরে রাজাকার কমান্ডার ছিলেন সদরের মাওলানা আব্দুর ওয়াদুদ। ৩রা এপ্রিল ঢাকা-টাংগাইল মহাসড়ক সংলগ্ন গোড়ান- সাটিয়াচড়ায় পাকসেনারা আসামাত্র সংগ্রাম পরিষদের সদস্যরা নর ঘাতকদের উপর গুলি চালায়। এই সম্মুখ যুদ্ধে ১০৭ জন মুক্তিপাগল বাঙ্গালীকে হত্যা করা হয় এবং ইপিআর নিহত হয় ২৩ জন। পাকবাহিনী হাতে নিরীহ বাঙ্গালী হতা হতের পর গোড়ান -সাটিয়াচড়া মুক্ত হলেও পাকসেনারা ঘাটি করে বসে মির্জাপুর উপজেলা সদর, মির্জাপুর সাহাপাড়া, সরিষাদাইর, বাইমহাটি, পুষ্টকামুরী, বাংগলা, তরফপুর, ভড়রা ও নরদানা গ্রামে। পাকসেনারা আশেপাশের গ্রামে লূটপাট আর অগ্নিসংযোগ করে নিরীহ শতাধিক বাঙ্গালীকে হত্যা করে। ৭ মে দানবীর রনদা প্রসাদ সাহা, তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা এবং ৮ মে থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল হোসেনের বৃদ্ধ পিতা জয়নাল সরকার ও মাজম আলীকে পুড়িয়ে হত্যা করে। মির্জাপুর ও আন্ধরা গ্রামের রাখাল চন্দ্র সাহা, সুদাম চন্দ্র সাহা, নিতাই মেম্বার, পান্না লাল, জগবন্ধু রায় সহ শতাধিক নারী পুরুষকে পাকহানাদার বাহিনী এবং এদেশীয় দোসররা হত্যা করে লাশ লৌহজং নদীতে নিক্ষেপ করে। ১২ ডিসেম্বর রাতে দেশমাতৃকার সূর্য-সন্তান বীর মুক্তিযোদ্ধারা মির্জাপুরের বংশাই, লৌহজং নদীর দুই পাশ ও চতুর্দিকে পাকসেনাদের ঘিরে ফেলে। শুরু হয় তুমুল সম্মুখ যুদ্ধ। ১৩ ডিসেম্বর মুক্ত হয় মির্জাপুর। ১৩ ডিসেম্বর মির্জাপুর মুক্ত হলেও শহীদদের গণ কবর আজও চিহিৃত হয়নি এবং নির্মান হয়নি কোন স্মৃতি ফলক।
এমনিভাবে বহু রক্ত, ত্যাগ-তিতিক্ষার এবং সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে দীর্ঘ ৮ মাস ১০ দিন পর বংশাই, লৌহজং ও ধলেশ্বরী বিধৌত ১৪৪ বর্গমাইল আয়তন বিশিষ্ট মির্জাপুর উপজেলা ১৩ ডিসেম্বর ৪৯ বছর পূর্বে এই দিনে সম্পূর্নভাবে হানাদার মুক্ত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসটিকে সরকারী ভাবে পালনের জন্য নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ উদ্ধোধন, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন, র‌্যালি, প্রদীপ প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//