Print Date & Time : 17 November 2026 Tuesday 9:05 am

৪ ক্রিকেটারের চোট: অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ দলের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চার ক্রিকেটারের চোট। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানার চোটের কারণে দুই টেস্টের দল ঘোষণা করতে দেরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ ও ৩ আগস্ট দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে চোটে থাকা ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা জেনে স্কোয়াড ঘোষণা করতে চায় বিসিবি। টেস্ট সিরিজের পরিকল্পনায় আছেন লিটন, শরিফুল ও নাহিদ।

লিটন দাসের চোট নিয়েই সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাংসপেশির চোটে পড়েন তিনি। পুনর্বাসন শেষে জিম্বাবুয়ে সফরে গেলেও ব্যথা না কমায় দেশে ফিরে আসেন। তার নতুন স্ক্যানের পর চোটের প্রকৃত অবস্থা জানা যাবে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

এদিকে জিম্বাবুয়ে সফরে চোটে পড়েন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। মুস্তাফিজ হাঁটুর চোটে ভুগছেন এবং বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। চলতি মাসের শেষ দিকে ফিটনেস পরীক্ষা দেবেন তিনি।

শরিফুল ইসলাম হ্যামস্ট্রিংয়ের চোটে সফরের মাঝপথে দেশে ফেরেন। এক সপ্তাহ বিশ্রামের পর তিনি পুনর্বাসন শুরু করেছেন। বিসিবি আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন এই বাঁহাতি পেসার।

নাহিদ রানা চোট পেয়েছেন সাইড স্ট্রেইনে। তার স্ক্যানের পর বিস্তারিত জানা যাবে। তবে নির্বাচকরা মনে করছেন, ঠান্ডা আবহাওয়া ও পেস বোলিংয়ের চাপের কারণে এ ধরনের চোট হতে পারে।

চোটের কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠলেও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দাবি করেছেন, বিষয়টি যথাযথভাবেই দেখা হচ্ছে। তার মতে, খেলোয়াড়দের বিশ্রাম ও ম্যাচ খেলার পরিকল্পনা করে দেওয়া হয়, তবে ক্রিকেটে চোট পুরোপুরি এড়ানো সম্ভব নয়।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি জানিয়েছেন, চোটের পেছনে কন্ডিশনসহ বিভিন্ন কারণ থাকতে পারে। জিম্বাবুয়ের ঠান্ডা আবহাওয়া ও মাঠের পরিস্থিতিও এর একটি কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।