নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জজ আদালত সড়কের উত্তর পাশে অবস্থিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত এ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
শনিবার (১৩ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে সারা দিন বিষয়টি কারও নজরে না আসায় পরবর্তীতে তা প্রকাশ পায়। সন্ধ্যার দিকে ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভিডিওতে কয়েকজন তরুণকে স্মৃতি স্তম্ভ ও আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরাতে দেখা যায়। এতে স্তম্ভটির নিচের অংশ কিছুটা পুড়ে কালো দাগ পড়ে যায়। ভিডিওতে শোনা যায়, তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দিচ্ছিল।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আগে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানা যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি দেখা হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রিন্ট করুন







Discussion about this post