স্টাফ রিপোর্টার : টানা বর্ষণ ও ঝড়ো বাতাসে কার্যত অচল হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিকে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।
আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকায় বুধবার সকাল থেকেই নগরজুড়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। ভোর থেকে কখনও ঝিরিঝিরি, আবার কখনও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নগরের বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও হাঁটুসমান, কোথাও আবার তার চেয়েও বেশি পানি জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক নিচু এলাকার বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে।
এর আগে মঙ্গলবার চট্টগ্রামে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার ভোর থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, মোহাম্মদপুর, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর, উত্তর কাট্টলী, দেওয়ানবাজার, কাপাসগোলা, প্রবর্তকসহ অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
দুই দিন ধরে নগরজুড়ে জলাবদ্ধতা অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও তার বাস্তব সুফল মিলছে না। এ অবস্থার জন্য দায়িত্বশীল সংস্থাগুলো দায় এড়াতে পারে না বলেও মনে করছেন তারা।
নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা ও চাকরিজীবী পপি বেগম বলেন, “পানির নিচে তলিয়ে গেছে মুরাদপুর সড়ক। দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেও পানি কমছে না, বরং বাড়ছে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবারও অফিসে যেতে পারিনি। আজ বুধবারও একই অবস্থা। অফিস থেকে বারবার ফোন দিচ্ছে। কীভাবে অফিসে পৌঁছাব বুঝতে পারছি না।”
চকবাজারের বাসিন্দা ইমাম চৌধুরী বলেন, “চসিকের মেয়রসহ বিভিন্ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রায়ই জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে দেখা যায়। কিন্তু বাস্তবে এর তেমন কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই নগরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে। তাহলে জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ হওয়া হাজার কোটি টাকা যাচ্ছে কোথায়? নগরবাসীর এই দুর্ভোগের শেষ হবে কবে?”
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post