স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরের চশমা হিলের মেয়র গলি এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাগানবাড়ি এলাকার ৬ নম্বর সমাজে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীর মাটিচাপা পড়ে মারা যায়। একই ঘটনায় তার মা লামিয়া আক্তারও মাটির নিচে চাপা পড়েন এবং আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ডে গত চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবে অনেক বাসিন্দা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছেন।
তিনি আরও বলেন, বুধবার সকালে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার ৬ নম্বর সমাজে পাহাড়ধসের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহত শিশুর মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড়ধসে সামিয়া ইসলাম (১৩) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ধসে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হলেও অনেকেই এখনো ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post