অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দুটি চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে সেখানে পবিত্র সূরা ফাতিহা পাঠ করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজের দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার। এ সময় নির্মাণাধীন হোস্টেল ভবনে শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম শুরু হয়। প্রতিবছর এ দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপন করা হয়। চলতি বছর প্রতিষ্ঠানটি ৮০ বছর পূর্তি উদযাপন করছে এবং ৮১তম বছরে পদার্পণ করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post