মীর আনোয়ার হোসেন টুটুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক সড়ক গোড়াই থেকে রাকের টেকি পর্যন্ত পুনর্নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্মাণের একদিনের মধ্যেই হাত দিলেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পেয়েছেন উপজেলা প্রকৌশলী। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঠিকাদারের বিল আটকে দেওয়া হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, গোড়াই থেকে রাকের টেকি পর্যন্ত ৪৬০ মিটার সড়ক পুনর্নির্মাণের জন্য ১৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে এবং প্রবল বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি করে সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। নিম্নমানের কাজের কারণে নির্মাণের একদিন পরই সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং হাত দিলেই উঠে যাচ্ছে। এমনকি পায়ে হাঁটাচলা কিংবা ছোট-বড় যানবাহন চলাচল করলেও কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে নতুন সড়কসহ আশপাশের রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগের পর উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজে অনিয়মের সত্যতা পান। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীকে শোকজ করা হয়। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া এবং বিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. তারেক খান বলেন, তিনি নিয়ম মেনেই কাজ করার চেষ্টা করেছেন। তবে গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দ্রুত সড়কটি সংস্কার করে দেওয়া হবে।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীকে শোকজ করা হয়েছে। এছাড়া মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিল আটকে দেওয়া হয়েছে। পুরো সড়ক যথাযথভাবে মেরামত না করা পর্যন্ত কোনো অবস্থাতেই বিল পরিশোধ করা হবে না।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post