গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি জিপ গাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই এলাকার শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রূপসা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের ডান পাশের দরজায় তৈরি করা গোপন স্থানে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলো সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে রাখা ছিল। এসব প্যাকেটের ভেতরে থাকা ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে মোট ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা পাওয়া যায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগে নয়টি মামলা রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post