মৌলভীবাজার প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে গতকাল (১৫ জুলাই) বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন।
এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের অবদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post