আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদক ব্যবসার অভিযোগে মা ও ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের বসতঘর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, পারভেজ, তার মা পারভীন আক্তার ও জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার সতর্ক করার পরও তারা মাদক কারবার বন্ধ না করায় এলাকাবাসী এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন।
আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক বলেন, মাদক নির্মূলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পরে তাদের বসতঘরে আগুন দেওয়া হয়।
স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেন বলেন, অভিযুক্তদের বাড়ি থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর এলাকাবাসী মাদক কারবারিদের এলাকা থেকে উচ্ছেদের দাবিতে বাড়িঘরে আগুন দেয়।
হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। একাধিকবার সতর্ক করার পর একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। পরে কমিটির সদস্য ও এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দেন এবং এলাকা ছাড়ার দাবি জানান।
আগুনে পারভেজের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post