স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফরকে গ্রেপ্তারের পর তাঁর বিচারপ্রক্রিয়া সেনাবাহিনী পরিচালনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর শিকলঘাটায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মোজাফফরের অবস্থান নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। জিয়াউর রহমান হত্যা মামলার অন্য আসামিদের যেভাবে আইনের আওতায় বিচার করা হয়েছে, একই আইন ও প্রক্রিয়ায় মোজাফফরের বিচার হবে বলেও জানান তিনি।
এ সময় দেশের বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি বৃক্ষরোপণ, মৎস্য ও কৃষি উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post