স্টাফ রিপোর্টার : ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর আগে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইআরজিসি জর্ডানে থাকা মার্কিন বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, সিরিয়ার আল-তানফ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল, আল-তানফ ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
এদিকে ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল ও সুলাইমানিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এক কর্মকর্তার দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের কুর্দি বিরোধী গোষ্ঠী কোমালা। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে।
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে কাতার, কুয়েতসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও হামলার দাবি করেছে ইরান। এরই মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post