রাশেদুজ্জামান, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার পিরোজপুর মৌজায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল, পুলিশি ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোনালিসা হাবিব।
মঙ্গলবার (২২ জুলাই) নওগাঁ শহরের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, দলিল ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পিরোজপুর মৌজার একাধিক দাগের জমি তিনি ও অন্যান্য ওয়ারিশ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তাদের নানা মরহুম মফিজ উদ্দিন আহমেদের মৃত্যুর পর পারিবারিকভাবে প্রথমে মৌখিক এবং পরে অধিকাংশ ওয়ারিশের সম্মতিতে লিখিত বণ্টনের মাধ্যমে জমির অংশ বুঝে নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি আমন ধান রোপণের মৌসুমে প্রথম পক্ষের উত্তরসূরি মাসুম ও তার স্ত্রী, নওগাঁ পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক শিউলী, অন্য ওয়ারিশদের না জানিয়ে তার অংশের জমি জোরপূর্বক দখল করেন। এ সময় পুলিশি প্রভাব খাটিয়ে বর্গাদারকে ভয়ভীতি প্রদর্শন, জমির সীমানা চিহ্ন অপসারণ, সাইনবোর্ড খুলে ফেলা এবং জমিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মোনালিসা হাবিব জানান, এ ঘটনায় গত ২৯ মার্চ নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ, ৫ মে পুলিশ সুপারের কাছে আবেদন এবং ২১ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ সুপারের নির্দেশে একজন তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। তবে তদন্ত চলাকালেও অভিযুক্তরা জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বগুড়ার তালোড়া এলাকায় অবস্থিত প্রায় পাঁচ বিঘা বণ্টনযোগ্য সম্পত্তির একটি অংশ অন্য ওয়ারিশদের না জানিয়ে বিক্রি করা হয়েছে। এছাড়া বিভিন্ন দাগের জমির সামনের অংশও জোরপূর্বক দখলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।
প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান মোনালিসা হাবিব। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত, দখলমুক্তভাবে সম্পত্তি ফেরত এবং তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর কমান্ড্যান্ট ও পুলিশ সুপার তারেক আহম্মেদ বিপিএম (সেবা) বলেন, এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে পুলিশি ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত পুলিশ পরিদর্শক শিউলীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার কর্মস্থলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পরে তিনি মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি নিয়ে সরাসরি সাক্ষাৎ করে তার বক্তব্য প্রকাশের অনুরোধ জানান। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post