গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩)। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত কামাল উদ্দিন ওরফে সিএনজি কামালকে (৫৫) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। পরবর্তীতে বুধবার (২২ জুলাই) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত কামাল উদ্দিন উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ সওদাগরের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ওই শিক্ষিকার বাবা।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে চরবাটা ইউনিয়নে প্রাইভেট পড়তে শিক্ষিকার বাসায় যায় ভুক্তভোগী ছাত্রী। ঘরে গিয়ে সে শিক্ষিকাকে অনুপস্থিত দেখতে পায়। এ সুযোগে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন দরজা খুলে ছাত্রীকে ঘরের ভেতরে ডেকে নেন এবং ধর্ষণ করেন। বিষয়টি গোপন রাখতে ঘটনা শেষে তিনি মেয়েটিকে ৫০০ টাকা দিয়ে বিদায় দেন।
পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে ফিরে পরিবারকে পুরো ঘটনা খুলে বলে। সন্ধ্যার দিকে এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে সিএনজি কামালকে আটক করে গণধোলাই দেয় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, নির্যাতিত ছাত্রীর মায়ের মামলার ভিত্তিতে কামাল উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post