কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে ৪৭ বিজিবির অধীনস্থ জয়পুর বিওপির ১৫২/১-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জনকে নদীপথে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ওই ৮ জনের মধ্যে ছিলেন ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি।
এ সময় বিজিবির টহল দল বিষয়টি দ্রুত শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতার মুখে ওই ব্যক্তিরা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ফলে অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post