স্টাফ রিপোর্টার : রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর হাসপাতালটিকে নির্দিষ্ট শর্ত মেনে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিলের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিন পরিদর্শন শেষে যে প্রতিবেদন জমা দিয়েছে, তা সন্তোষজনক হওয়ায় আগের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
তবে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে সরকার। এর মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা, লাইসেন্সের শর্ত অনুযায়ী পর্যাপ্ত ডিউটি চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ এবং ভবিষ্যতে কোনো শর্ত ভঙ্গ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে হাসপাতালের নির্বাহী পরিচালককে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতালের আপিল ও তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি দিল সরকার।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post