স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন ব্যবসায়ী প্রতিনিধি আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
মাহদী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে বৈঠকে আশ্বস্ত করেছেন সার্জিও গোর।
তিনি জানান, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ইতিবাচকভাবে দেখেছে যুক্তরাষ্ট্র।
ব্রিফিংয়ে বলা হয়, দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতে বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বেসরকারি খাতের সম্প্রসারণ, শিল্পায়ন বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার জটিলতা কমাতে নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে।
মাহদী আমিন আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর প্রস্তুতি চলছে। এর ফলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে, ব্যবসায়িক খরচ হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়বে।
এদিকে একই দিনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম চলবে। আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post