বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়:
শিক্ষার্থীদের কর্মমুখী করতে আগামী ৫ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক পেইড ইন্টার্নশিপ চালু করার পরিকল্পনার কথা জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, ‘শিক্ষাজীবনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ২ থেকে ৪ মাসের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে (উৎপাদন খাত, সেবা খাত, সফটওয়্যার হাউস, হাসপাতাল ইত্যাদি) হাতে-কলমে শেখার সুযোগ দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থীরা নিশ্চিতভাবে আর্থিক সুবিধাও পাবে।’
শনিবার (১ আগষ্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদ অর্জনের জায়গা নয়, একই সাথে এখান থেকে অর্জন করতে হবে বাস্তবমুখী দক্ষতা। আগামী দিনে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শিক্ষার্থীরা যেন
কাজের বাজারে নিজেদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পায়,
সে লক্ষ্যেই কাজ চলছে।’
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কারিকুলাম বা এক্সট্রা-কারিকুলামের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সফট স্কিলস অর্জন নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা যে বিষয়েই পড়াশোনা করুক না কেন, তাদের ডিজিটাল লিটারেসি, কমিউনিকেশন স্কিলস (বাংলা ও ইংরেজির পাশাপাশি প্রয়োজনে তৃতীয় কোনো ভাষায় যোগাযোগ দক্ষতা) এবং সমস্যা সমাধানের জন্য ‘ক্রিটিক্যাল থিংকিং’ শেখানো হবে। খুব শিগগিরই সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রশিক্ষণ
কার্যক্রম শুরু হবে।’
ক্যাম্পাসের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সুবিধা প্রসঙ্গে প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, ‘দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডিজিটালি রূপান্তর করার কাজ চলছে। এর মাধ্যমে ক্লাসরুম, হল ও হোস্টেলসহ ক্যাম্পাসের প্রতিটি কোণায় শিক্ষার্থীরা উচ্চগতির
ইন্টারনেট ও ওয়াই-ফাই সংযোগের আওতায় আসবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য ও প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মনজুরুল হক-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই-সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post