গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ। রঙিন দেহ ও ব্যতিক্রমী গঠনের কারণে মাছটি দেখতে আলীপুর মৎস্য বন্দরে ভিড় করেন উৎসুক মানুষ।
সোমবার (৩ আগস্ট) মাছটি আলীপুর বন্দরের মেসার্স সিফাত ফিসে আনা হয় এবং সংরক্ষণের জন্য বরফে রাখা হয়েছে। জানা গেছে, ‘মায়ের দোয়া’ ট্রলারের মাঝি ইদ্রিসের জালে কয়েক দিন আগে গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে।
ট্রলারের মাঝি ইদ্রিস বলেন, গভীর সমুদ্রে মাছটি জালে ওঠে। দেখতে সুন্দর হওয়ায় সেটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসেন তারা। তার জালে এ ধরনের মাছ এবারই প্রথম ধরা পড়েছে।
মেসার্স সিফাত ফিসের ম্যানেজার মাইনুল ইসলাম শামিম জানান, মাছটির সৌন্দর্যের কারণে এটি বরফে সংরক্ষণ করা হয়েছে। এর আগে তিনি এমন মাছ দেখেননি।
গবেষকরা জানান, সার্জেন্ট মেজর মাছ (Abudefduf spp) Pomacentridae পরিবারের একটি সামুদ্রিক মাছ। বাংলাদেশে এটি পাথারী মাছ, কালো ডোরা সৈনিক মাছ বা রেহা মাছ নামেও পরিচিত। মাছটির শরীর চ্যাপ্টা ও ডিম্বাকার, দুই পাশে থাকে ৪–৫টি গাঢ় উল্লম্ব ডোরা, যা এর প্রধান বৈশিষ্ট্য।
ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এ মাছ সাধারণত বঙ্গোপসাগরের উপকূলীয় পাথুরে এলাকা, প্রবাল প্রাচীর ও সেন্ট মার্টিনের আশপাশের অগভীর পানিতে দেখা যায়। এটি শৈবাল, জুপ্ল্যাঙ্কটন ও ছোট অমেরুদণ্ডী প্রাণী খেয়ে সামুদ্রিক খাদ্যশৃঙ্খলে ভূমিকা রাখে।
তিনি আরও জানান, বাণিজ্যিক মূল্য কম হলেও স্থানীয়ভাবে এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উজ্জ্বল রঙ ও আকর্ষণীয় নকশার কারণে আন্তর্জাতিক অ্যাকোয়ারিয়াম ব্যবসায় মাছটির চাহিদা রয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, উপকূলীয় জলসীমায় এ ধরনের মাছ থাকলেও খুব কম ধরা পড়ে। বিরল এসব প্রজাতির উপস্থিতি সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণার জন্য গুরুত্বপূর্ণ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন






Discussion about this post