স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়, এর মূল কৃতিত্ব দেশের সাধারণ জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে নানা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থান স্পষ্ট—এই আন্দোলনের সফলতা এসেছে জনগণের অংশগ্রহণ ও প্রত্যাশার কারণে। এটি কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারা রাজনৈতিক মাঠে সক্রিয় ছিলেন এবং জনগণকে একা ছেড়ে যাননি। বিশ্বের বিভিন্ন আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের মধ্য দিয়েই বড় পরিবর্তন আসে। জুলাই-আগস্টের আন্দোলনও একই ধারায় সফল হয়েছে।
সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার দল আগেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিল, যা পরবর্তীতে ৩১ দফা প্রস্তাবে রূপ নেয়। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং ব্যাংক, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সংকটপূর্ণ পরিস্থিতি কাটিয়ে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। বিশেষ করে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে মেডিকেল কলেজ থাকা অধিকাংশ জেলা ও জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেবা চালুর লক্ষ্য রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post