গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত বেগমগঞ্জের চৌমুহনী বাস টার্মিনাল ও সোনাইমুড়ী বাইপাস এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকার আব্দুল হক ওরফে আব্দুল্লাহ (২৮) এবং নুরে আলম ওরফে চৌধুরী (৩০)। অভিযানে আব্দুল হকের কাছ থেকে ৫ হাজার ৮৭০ পিস এবং নুরে আলমের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, কুমিল্লা ও ফেনী থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post