গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা পর্যায়ের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই ইউনিয়ন পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।
সিজারিয়ান কার্যক্রম পুনরায় চালু হওয়ায় কলাপাড়া ও আশপাশের এলাকার গর্ভবতী নারীদের জন্য চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে। এখন থেকে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের সুযোগ পাবেন প্রসূতি মায়েরা। এতে চিকিৎসার জন্য দূরের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের ওপর নির্ভরতা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মংসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর সরকারি হাসপাতালে সিজারিয়ান সেবা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের গর্ভবতী নারীরা এতে বেশি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post