স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণে আরেকটি টার্মিনালও পূর্ণ সক্ষমতায় চালু না থাকায় দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং বেড়েছে।
তবে বুধবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার বিকল্প উপায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, একটি এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ থাকায় এবং অন্যটি সীমিত সক্ষমতায় পরিচালিত হওয়ায় গ্যাসের ঘাটতি পূরণ করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। সন্ধ্যার পর লোডশেডিং কিছুটা কমে আসার আশা করা হলেও জ্বালানি সংকট পুরোপুরি কবে কাটবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ করা হচ্ছে।
দেশীয় গ্যাস উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে সরকার। তাঁর দাবি, আগের আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভুল নীতির কারণেই বর্তমান সংকটের ভিত্তি তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, গ্রীষ্ম মৌসুমে সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এ পরিস্থিতির জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তিনি মানুষের কাছে আবারও ক্ষমা চান।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post