স্টাফ রিপোর্টার : বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। এ সময় তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও বিনিয়োগবান্ধব পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময় মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্ব বাড়ানো গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে অতুল কেশব বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারণে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আগ্রহের কথা জানান।
আলোচনায় শিল্প ও অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ উঠে আসে।
দুই পক্ষই ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানো, নতুন অংশীদারত্ব তৈরি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন





Discussion about this post