গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর ছেলেকে গুলি করে এবং দুই বছরের এক শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।
শুক্রবার ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী মাহিনের বাড়িতে শুক্রবার রাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের বাইরেও তাদের আরও কয়েকজন সদস্য পাহারায় ছিল।
প্রবাসীর স্ত্রী রুমা বেগম (৪০) জানান, রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা ঘরে ঢুকেই তাকে এবং তার পুত্রবধূ রেজবিকে (১৮) হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ডাকাতরা পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ছেলে নাইম (২২) বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপরে গুলি করে। এরপর দুই বছরের শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় নগদ ২ লাখ টাকা এবং একটি আইফোন লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা।
ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post