জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
শুক্রবার (১৪ই আগষ্ট) রাত ১১টায় কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে ১৫ই আগষ্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্না করার প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহ-সভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।
১৫ই আগষ্ট উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ।
পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ই আগষ্ট উপলক্ষে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।
তারা সেখানে সংগঠিত হচ্ছেন, এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post