শেখ নাদীর শাহ্, পাইকগাছা, খুলনা : মৌসুমি তরমুজের পাশাপাশি অসময়ের তরমুজ চাষে আগ্রহ বাড়ছে খুলনার পাইকগাছার কৃষকদের। বাজারে অফ-সিজন তরমুজের চাহিদা ও তুলনামূলক বেশি দাম পাওয়ার সম্ভাবনাকে সামনে রেখে উপজেলার সোলাদানা ইউনিয়নে বড় পরিসরে আবাদ প্রস্তুতি শুরু করেছেন চাষিরা।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শুধু সোলাদানা ইউনিয়নেই প্রায় ১৫০ বিঘা জমিতে অফ-সিজন তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়নের মাস্টারপাড়া, নায়েবখালী, ছালুবুনিয়া, খালিয়ার চক, পূর্ব দীঘা, দক্ষিণ কাইনমুখী ও বেতবুনিয়া গ্রামের কৃষকরা এ চাষে যুক্ত হয়েছেন।
কৃষকরা জানান, প্রচলিত মৌসুমের বাইরে তরমুজ বাজারজাত করতে পারলে ভালো দাম পাওয়া যায়। এ কারণে নতুন এই পদ্ধতিতে চাষাবাদে তাদের আগ্রহ তৈরি হয়েছে। উন্নত প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে কম সময়ে ভালো ফলনের আশাও করছেন তারা।
ভালো মানের চারা নিশ্চিত করতে অনেক কৃষক নিজেরাই জার্মিনেশন ট্রেতে তরমুজের বীজ থেকে চারা তৈরি করছেন। এতে চারার অঙ্কুরোদ্গম ও গুণগত মান ভালো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোলাদানা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, উপকূলীয় এলাকার মাটি ও আবহাওয়া অফ-সিজন তরমুজ চাষের জন্য বেশ উপযোগী। অসময়ে বাজারে তরমুজের চাহিদা ও দাম বেশি থাকায় কৃষকদের মধ্যে এ চাষের আগ্রহ বেড়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন জানান, পাইকগাছায় মৌসুমি তরমুজের পাশাপাশি অফ-সিজন তরমুজ চাষেও কৃষকদের আগ্রহ আগের তুলনায় বেড়েছে। শুধু সোলাদানায় ১৫০ বিঘা জমিতে আবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কাঙ্ক্ষিত ফলন পেয়ে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছেন তিনি।
কৃষি বিভাগের প্রত্যাশা, নতুন এই চাষপদ্ধতি সফল হলে সুন্দরবন উপকূলীয় পাইকগাছার কৃষিতে আরও বৈচিত্র্য আসবে। একই সঙ্গে অফ-সিজন তরমুজ হয়ে উঠতে পারে স্থানীয় কৃষকদের বাড়তি আয়ের অন্যতম উৎস।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post