নাজমুল হাসান :
সবকিছুতেই যেন বৈষম্য। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সেই বৈষম্যের অভিযোগ উঠেছে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় দীর্ঘ লোডশেডিংয়ের কবলে পড়ছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা।
অথচ শহর কিংবা গ্রাম—উভয় এলাকার গ্রাহকরাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন। ফলে প্রশ্ন উঠেছে, একই সেবা বাবদ বিল পরিশোধ করেও কেন গ্রামীণ জনগণকে তুলনামূলক বেশি বিদ্যুৎবিহীন থাকতে হবে?
কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগও চরমে উঠেছে। বিশেষ করে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন গ্রামাঞ্চলে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি বাড়ছে। অনেক পরিবারে আইপিএস বা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শহরাঞ্চলে বিদ্যুতের বরাদ্দ তুলনামূলক বেশি হওয়ায় সেখানে লোডশেডিং কিছুটা কম হয়। বিপরীতে গ্রামাঞ্চলে বরাদ্দ কম থাকায় লোডশেডিংয়ের পরিমাণ বেশি।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, গ্রামাঞ্চলের বর্তমান বিদ্যুৎ চাহিদার তুলনায় প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ কম বরাদ্দ পাওয়া যাচ্ছে। তবে সরবরাহ ঘাটতির কারণে বাস্তবে গ্রামীণ এলাকায় লোডশেডিংয়ের মাত্রা প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেশি বলে তিনি জানান।
গ্রাহকদের অভিযোগ, গত ২৪ আগস্ট থেকে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষ করে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়ে অনেক এলাকায় বিদ্যুৎ আসা-যাওয়া করছে ঘন ঘন। স্থানীয় গ্রাহকদের দাবি, ওই দীর্ঘ সময়ে গড়ে মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। কখনো ৩০-৪০ মিনিট বিদ্যুৎ থাকার পর দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। আবার কখনো এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে।
গ্রাহকরা বলছেন, রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের ঘুমে ব্যাঘাত ঘটছে। যেসব পরিবারের আইপিএস রয়েছে, তারাও স্বস্তিতে নেই। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে অনেক সময় আইপিএস পর্যাপ্ত চার্জ হওয়ার সুযোগ পাচ্ছে না। ফলে দীর্ঘ লোডশেডিংয়ের সময় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও কার্যত অকার্যকর হয়ে পড়ছে।
একজন গ্রামীণ গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহরের মানুষ যে বিদ্যুৎ বিল দেন, আমরাও একইভাবে বিল দিই। তাহলে শহরে তুলনামূলক বেশি বিদ্যুৎ থাকবে আর গ্রামে মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে—এটা কীভাবে ন্যায্য হতে পারে?”
গ্রাহকদের আরও অভিযোগ, বিদ্যুৎ সরবরাহের দুর্ভোগের পাশাপাশি অনেক এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগও রয়েছে। ফলে একদিকে বেশি সময় বিদ্যুৎ না পাওয়া, অন্যদিকে বিল নিয়ে অসন্তোষ—দুই ধরনের ভোগান্তির মুখে পড়ছেন গ্রামীণ গ্রাহকরা।
সচেতন মহলের মতে, বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান অবকাঠামো। শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী বৈষম্য থাকলে গ্রামীণ জনগোষ্ঠী উন্নয়ন ও নাগরিক সুবিধার দিক থেকে আরও পিছিয়ে পড়বে।
তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে শহর-গ্রাম বৈষম্য কমিয়ে চাহিদা অনুযায়ী ন্যায্য ও সুষম বরাদ্দ নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাতের বেলায় গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বা অন্তত সহনীয় মাত্রায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা জরুরি।
গ্রামীণ গ্রাহকদের প্রশ্ন—বিদ্যুতের বিল যদি শহর ও গ্রামের মানুষকেই দিতে হয়, তাহলে বিদ্যুৎ পাওয়ার অধিকারের ক্ষেত্রে বৈষম্য থাকবে কেন? আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশে শহর-গ্রামের বিদ্যুৎ সরবরাহের এই ব্যবধান দ্রুত কমানোর দাবি এখন সাধারণ মানুষের।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post