কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান ‘মায়ের চরণ পূজা’।
জীবন্ত মাকে দেবতার আসনে বসিয়ে শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞতা জানাতে এতে অংশ নেন দুই শতাধিক সন্তান।
বৃহস্পতিবার উপজেলার পীড়ারবাড়ী-নৈয়ারবাড়ী সার্বজনীন রাধাগোবিন্দ ও মনসা মন্দিরে বৈদিক গীতা বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানস্থলে সারিবদ্ধভাবে বসানো হয় গর্ভধারিণী মায়েদের। সন্তানেরা ফুল, চন্দন, প্রদীপ ও গঙ্গাজল দিয়ে মাতৃপূজা করেন এবং ভক্তিভরে মায়ের পা ধুয়ে আশীর্বাদ নেন। এ সময় অনেক মা ও সন্তানের চোখে আনন্দ ও আবেগের অশ্রু দেখা যায়। গোটা প্রাঙ্গণে তৈরি হয় এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী পরিবেশ।
এ সময় মায়ের চরণ পূজা অনুষ্ঠানে বৈদিক গীতা বিদ্যালয়ের পরিচালক সুব্রত বৈরাগী, মন্দির কমিটির সভাপতি গোকুল রায়, প্রণব বৈদ, বিজন বাড়ৈসহ স্থানীয় ভক্তবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সমাজে যেখানে বৃদ্ধ বয়সে অনেক বাবা-মাকে অবহেলা বা একাকীত্বের শিকার হতে হয়, সেখানে নতুন প্রজন্মের মাঝে মা-বাবার প্রতি দায়িত্ববোধ ও শ্রদ্ধা জাগ্রত করতেই এই উদ্যোগ। মায়েরা সন্তানের সবচেয়ে বড় পথপ্রদর্শক এবং পৃথিবীতে মায়ের চেয়ে বড় কোনো তীর্থ নেই এই বার্তাই পৌঁছে দেওয়া এই আয়োজনের মূল লক্ষ্য।
পূজায় অংশ নেওয়া সন্তানরা জানান, ব্যস্ততা ও পার্থিব জীবনের নানা জাঁতাকলে মায়েদের সবসময় প্রাপ্য সম্মান ও সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এভাবে প্রকাশ্যে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম ও ক্ষমা প্রার্থনা করতে পেরে তারা গভীরভাবে আনন্দিত ও ঋণী বোধ করছেন।
উপস্থিত মায়েরা আবেগাপ্লুত কণ্ঠে জানান, সন্তানের কাছ থেকে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া যেকোনো মায়ের জন্যই পরম পাওয়া। এমন আয়োজন প্রতিটি পরিবারে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post