জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় নিষিদ্ধ ঘোষিত ২৭ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ এবং এক মাছ বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার (৪ঠা অক্টোবর) সকালে উপজেলার ব্যস্ততম কলেজ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি রক্ষা এবং ক্ষতিকর মাছের বিস্তার রোধে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। কলেজ বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উক্ত আইনের ৫ ধারায় অভিযুক্ত বিক্রেতাকে ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জনসমক্ষে জব্দকৃত আফ্রিকান মাগুর মাছগুলো মাটিতে পুঁতে সম্পূর্ণ বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাইমুজ্জামান ও পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান জানান, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ মাছের বিক্রি ও বিপণন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post