হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।
অভিযুক্ত মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আশিকুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মালিথাপাড়া এলাকার মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ফরহাদ হোসেন (১৩) ওই এলাকার মিঠু আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায় যায়,গতকাল রাতে মাদ্রাসার প্রিন্সিপাল আশিকুল্লাহ ঐ ছাত্রকে বলাৎকার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। বিষয়টি সকালে শিক্ষার্থী তার পরিবারকে জানালে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
পরে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত প্রিন্সিপালকে অবরুদ্ধ করে রাখেন। অভিযুক্ত প্রিন্সিপাল আশিকুল্লাহর বাড়ি যশোর জেলায় এবং তাঁর শ্বশুরবাড়ি মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটি গ্রামে।
খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে, যাতে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
স্থানীয়দের দাবি, প্রিন্সিপাল আশিকুল্লাহর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের একাধিক অভিযোগ ছিল। ভুক্তভোগী ছাত্রের বাবা মিঠু বলেন, “লোকমুখে জানতে পারি প্রিন্সিপাল মাঝেমধ্যেই আমার ছেলের সঙ্গে এ ধরনের আচরণ করতেন। ছেলেকে জিজ্ঞাসা করলে সে আমাকে সব জানায়। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post