ইরফান উল্লাহ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান , সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব, জামায়াত পন্থী গ্রিন ফোরাম, শাখা ছাত্রদলসহ বিভিন্ন হল, বিভাগ, পরিষদ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বাংলাদেশ যখনই সংকটের মুখে পড়েছে, জিয়া পরিবার রাষ্ট্রের হাল ধরেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সংকটকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অতীতের ক্ষতিগ্রস্ত অবস্থা কাটিয়ে উঠতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন এবং দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post