মেহেরপুরের গাংনীতে লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোটভাইয়ের লাঠির আঘাতে নিহত কৃষক খলিল হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৭ মে) রাতে র্যাব-৬ ঝিনাইদহের একটি টীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এরা হচ্ছে- নিহত খলিলের ছোটভাই আবু বকর(৫৫), তার স্ত্রী আজিমন নেছা (৪৫) ও ছেলে সজীব(১৯)। তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হলে পুলিশ আসামীদ্বয়কে মেহেরপুর আদালতে সোপর্দ করে।
জানা গেছে, ২৩ মে দুপুরে বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই আবু বকর ও তার লোকজন বড়ভাই খলিলকে পিটিয়ে আহত করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় খলিলের মৃত্যু হলে তার স্ত্রী আশুরা খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকারীরা পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি টীম তিন আসামীকে পোড়াদহ থেকে গ্রেপ্তার করে গাংনী থানায় হস্তান্তর করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামী তিনজনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//২৮ মে-২০২২//
প্রিন্ট করুন








Discussion about this post