সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা খুন হয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত আক্কাস সিকদার বরগুনা জেলার আমতলী থানার চুনাখালি হাট-বাজার এলাকার নুর মোহাম্মদ সিকদারের ছেলে। তিনি মিজমিজি বাতান পাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেব মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। সবজির আড়ত থেকে সবজি পাইকারী ক্রয় করে ভ্যানে গাড়ীতে নিয়ে মহল্লায় খুচরা বিক্রি করতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর ৫টায় সবজি ক্রয়ের জন্য ঢাকা যাত্রাবাড়ি আড়তের উদ্দেশ্যে রওনা দেন । পথে পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন । এসময় ছিনতাকারীরা তাকে ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর তিন শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন







Discussion about this post