চলছে বিএফইউজে নির্বাচনের ভোট গ্রহণ। কে জেতে কে হারে তা অনিশ্চিত। তবে বিভিন্ন আলোচনা সমালোচনার মাধ্যমে যা শুনা যাচ্ছে তা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে দৈনিক দেশতথ্য পত্রিকার এই প্রতিবেদন।
এবারের নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়েছেন তিনজন। এর মধ্যে আছেন বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক, আব্দুল জলিল ভূঁইয়া ও ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএফইউজের বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ দীপ আজাদ বিদায়ী ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ ও চারন সাংবাদিক লায়েকুজ্জামান।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএফইউজের সাবেক সদস্য খাইরুজ্জামান কামাল নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
একটি সহসভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচ জন, একটি যুগ্ম মহাসচিব পদের জন্য চারজন, দপ্তর সম্পাদক পদে পাঁচ জন। চারটি নির্বাহী সদস্য পদে ঢাকার জন্য ১০ জন সাংবাদিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রশ্ন হচ্ছে এর মধ্যে জিতবে কে বা কারা? এটা নিশ্চিত করে বলা কখনোই সম্ভব নয়। তবে প্রার্থীর ব্যাকগ্রাউন্ড ও জনপ্রিয়তার উপর ভিত্তি করে একটা সরল বিশ্লেষণ টানবো। এই বিশ্লেষণ কেবলই অনুমান নির্ভর।
দেখা যাক সভাপতি পদের প্রার্থীদের তুলনামূলক পর্যালোচনায় কি পাওয়া যায়।

প্রথমেই সভাপতি প্রার্থী ওমর ফারুক কে নিয়ে আলোচনা করবো। ওমর ফারুক মুন্সিগঞ্জের লোক। গত নির্বাচনে সারাদেশে জিতেও ঢাকায় ফেল করে ১ ভোটে মোল্লা জালালের কাছে হেরেছিলেন।
প্রেসক্লাবের সেক্রেটারি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সাংবাদিক ফোরামের প্রার্থী হয়েও বৈরীতার প্রবাহে হেরে গিয়েছে। তাতে এটা নিশ্চিত যে ঢাকায় তার জনপ্রিয়তার যথেষ্ট উন্নতি হয়নি। তবে ঢাকার বাইরের ১০ টি ইউনিয়নে তাকে হারানো বড়ই কঠিন।
এবারে যদি তিনি পূর্বের ন্যায় বাহির থেকে জিতে এসে ঢাকায় ইজ্জত রক্ষার মতো ভোট পান তবে প্রেসক্লাবের সেক্রেটারি পদে পরাজয়ের গ্লানি গলায় ফুল তুলে দিলেও দিতে পারে।

আব্দুল জলিল ভূঁইয়া ঢাকার কেরানিগঞ্জের মানুষ। সাংবাদিক মহলে খুবই গ্রহণযোগ্য ব্যাক্তিত্ব। সাংবাদিক নেতা হিসেবে তিনি সিজনড। ইংরেজি কাগজের সাংবাদিক হিসেবে ১০০% পেশাদার। নির্বাচনে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য থেকে শুরু করে বিএফইউজের মহাসচিব পর্যন্ত হয়েছিলেন। এসব নির্বাচনে জয় যেমন দেখেছেন পরাজয়ও তেমন মেনেছেন। তবে বর্তমান জামানায় একেবারে বেমানান তা বলা যায় না। তার সময়ে সাংবাদিক নেতা হয়ে সিন্দুক ভরার সুযোগ ছিল না। তার নামে বা চরিত্রে কলঙ্ক নেই। তিনি টাকা বিলিয়ে নির্বাচন করা লোক নন। তিনি মনে করেন নের্তৃত্ব সাংবাদিকতা সততায় ১০০%। সেই হিসেবে ভোটাররা তাকে নিশ্চয়ই ভোট দিবেন।
কিন্তু অর্থনৈতিক শক্তির যুগে আব্দুল জলিল ভূঁইয়াদের জিতে আসা বাস্তবতার বিপরীত। তবে এন্টি ফারুক ভোট ও অসৎ নেতাদের দূরীকরণের চিন্তা তাকে বিজিত করলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।

আবু জাফর সূর্য মিষ্টি মুখ ও বিনয়ী আচরণের জন্য খুবই জনপ্রিয়। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ও সভাপতির কোর্স পাশ করে এসেছেন। নতুন প্রজন্মের বেশিরভাগ সাংবাদিক তাকে পছন্দ করে। তবে কুলিন সাংবাদিকরা তাকে এড়িয়ে চলতে অভ্যস্ত। তারপরও তিনি বরিশাল ক্রেজ ও নিজের ইমেজ দিয়ে সাংবাদিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবারে বরিশাল ক্রেজ নিজের ইমেজ কাজে লাগাতে পারলে জিতে যেতে পারেন।

মহাসচিব পদে কোন ব্যাক্তির বিজয় একেবারে পরিষ্কার হয়ে গেছে তা বলা যাচ্ছেনা। তবে দৌড়ে কিছুটা এগিয়ে আছেন দীপ আজাদ তা বলার অপেক্ষা রাখেনা। বিএফইউজের বিদায়ী কমিটির তিনি কোষাধ্যক্ষ ছিলেন। কমিটি ঠিক মতো কাজ না করায় তিনি ছিলেন ওই কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতা।
তিনি ঢাকার সাংবাদিকতায় আসার আগে খুলনা সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাব নির্বাচনে অনেকবার বিজয় দেখেছেন। সেই পূঁজি তাকে সরাসরি বিএফইউজের কোষাধ্যক্ষ পদে বিজিত করেছিল। সে অবস্থান তিনি এখনো ধরে রাখতে পেরেছেন।
করোনা কালিন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া দশ কোটি টাকা সাংবাদিকরা কেন পাননি এই দাবিতে সোচ্চার একজন নেতা। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর ডাকা সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন।
প্রিন্ট ও টিভি মিডিয়ায় পেশাদার সাংবাদিকতা খুলনা বরিশালের আঞ্চলিকতা এবং নিজের ক্লিন ইমেজ কাজে লাগিয়ে হয়তো বা জিতে আসতে পারেন।

তার প্রতিদ্বন্দ্বী চারন সাংবাদিক লায়েকুজ্জামান একেবারে পিছিয়ে আছেন তা বলা যাবেনা। তিনি পেশাদার সাংবাদিক হিসেবে খুবই জনপ্রিয়। কুলিন ও অকুলিন সাংবাদিক মহলে তার তেমন কোন বৈরীতা নেই। আওয়ামী পরিবারের সদস্য হিসেবেও তিনি সলিড। তবে তিনি ইউনিয়ন রাজনীতিতে একেবারেই নতুন। সাংবাদিকতায় সফল হলেও সাংবাদিক রাজনীতিতে কোন পরীক্ষা দেননি। নতুন পরীক্ষার্থী হিসেবে কোন ডিভিশনে পাস করবেন তা বলা যাচ্ছেনা।

এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী কমিটির যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ। তিনিও কম নন। সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে তিনি একাধিকবার জিতেছেন। তার কপালে আছে আওয়ামী রাজনীতির মজবুত সাইনবোর্ড। পেশাদার সাংবাদিক হিসেবে প্রিন্ট টিভি ও অনলাইন নিউজ মিডিয়ায় কাজ করেছেন। যুগ্ম মহাসচিবের পরবর্তী ধাপ হিসেবে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করা তার জন্য ধারাবাহিক।
বিজয় অর্জনের কয়টি সূচকে তিনি জিততে পারেন তা ভোট শেষ হওয়ার আগে বলা মুশকিল। তবে ভাগ্য যেভাবে তাকে ফেবার করে তাতে তিনি বিজয়ী হলে সেটা হতে পারে ঈশ্বরের আর্শীবাদ।
উপসংহারে বলা যায় যে যাই বলুক না কেন বাস্তবতা বড়ই কঠিন। সে কারো ধার ধারেনা। আর বিশ্লেষণ দিয়ে কাউকে জিতিয়ে দেওয়া যায় না।
তবে বিশ্লেষণ কিছু মানুষকে যেমন ক্ষণিকের জন্য ব্যাস্ত রাখে তেমনি কিছু বিপরীত মুখিতাও তৈরি করে।
দৈনিক দেশতথ্য পত্রিকা গতানুগতিক খবরের চেয়ে বিশ্লেষণধর্মী খবরকে প্রাধান্য দেয়। এই প্রতিবেদন তারই বহিঃপ্রকাশ মাত্র।
এবি/দৈনিক দেশতথ্য /২৩ অক্টোবর /২০২১
প্রিন্ট করুন








Discussion about this post