শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
আজ ১০ এপ্রিল বুধবার জেলার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় দুই শতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইদুল ফিতর উদযাপন করেছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রাম, কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের মুসল্লিরা বুধবার পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
জেলার কালীগঞ্জের মুন্সিপাড়ায় ইদের নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মাজেদ। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ইদ উদযাপন করে আসছেন এসব গ্রামের মুসল্লিরা। মুন্সিপাড়ার ইদগাহ মাঠের সভাপতি আব্দুল ছাত্তার জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ইদুল ফিতর ও ইদুল আজহা, শবে-কদর, শবে মেরাজ সহ মুসলিম ধর্মের সকল রীতিনীতি ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। একদিন আগে কেন ঈদের নামাজ? এমন প্রশ্নে ইমাম আব্দুল মাজেদ বলেন, ‘কোরআন থেকে জেনে শুনে এই ইদ আমরা পালন করে আসছি, এখানে কোনো ভুল নেই। আমাদের মতো দেশের সকল মানুষের ইদ পালন করা উচিত। তাহলে ইদের আনন্দ আরও বেড়ে যাবে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা-তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় ইদের নামাজ আদায় করে কিছু মানুষ। নামাজ আদায়ের সময় মুসল্লিদের নিরাপত্তায় দুজন পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ইদুল ফেতর পালন করেছে।
প্রিন্ট করুন






Discussion about this post