হাটহাজারী প্রতিনিধিঃ
রাউজানে সড়ক দুর্ঘটনায় মো.এমরান চৌধুরী (৫৪) নামের হাটহাজারীর এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে রাউজান হাইওয়ে থানা কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাউজান উপজেলার গিরিছায়া নামক স্থানে এ দুর্ঘটনা।
নিহত এমরান চৌধুরী হাটহাজারী পৌরসভার ৬নং ওয়াডস্থ ফটিকা গ্রামের জমাদার বাড়ির মরহুম ফজু মিয়ার পুত্র।
জানা যায়, সবজি ব্যবসায়ী এমরান চৌধুরী সবজি আনতে শুক্রবার দিবাগত রাতে সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম থ ১৪-৩৮৯৬) যোগে রাঙ্গামাটি জেলার ঘাগড়া বাজারে যাওয়ার সময় রাউজান উপজেলার গিরিছায়া নামক এলাকা অতিক্রম করতে গিয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে এমরান চৌধুরী গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহতকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নেজাম চৌধুরী ও ভাতিজা ব্যবসায়ী মো.নুরুন নবী চৌধুরী নুরু জানান, এমরান চৌধুরী তিন পুত্র ও এক কন্যা সন্তানের পিতা ছিলেন। কাতারে থাকা মরহুমের সন্তানরা শনিবার রাতে গ্রামের বাড়িতে এসে পৌঁছালে জমিদার বাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার বিকাল ৩ টার দিকে এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রিন্ট করুন










Discussion about this post