এনামুল হক কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে ড্রেজিং করে তোলা বালু ফের লুট করছে একটি প্রভাবশালী চক্র।
নদীতে অবৈধ স্যালোইঞ্জিন চালিত ড্রেজার বসিয়ে ভরাট করা হচ্ছে গোরস্তান, ঈদগাহ ও বাড়ির আঙিনা। প্রকাশ্যে এমন বালু লুট চললেও প্রশাসনের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্রিয়াংকা ব্রিকসের ব্যবস্থাপক রাকিবুল ইসলাম।
তিনি বলেন, গোরস্থানের নাম ভাঙিয়ে ফের নদী থেকে প্রায় ৫০ লাখ টাকার বালু লুট করছে প্রভাবশালী একটি চক্র। আদালতে মামলা করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ জুন গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় গড়াই নদী থেকে ড্রেজিং করা বালু বিক্রির জন্য কারিগরি উপকমিটির প্রতিবেদন দেয়।
এর পরিপ্রেক্ষিতে নদীর কয়া ও রায়ডাঙ্গা মৌজায় ছয় লাখ ২০ হাজার ঘনমিটার বালু অপসারণের দরপত্র আহ্বান করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সর্বোচ্চ দরদাতা হিসেবে পাঁচ কোটি ১৭ লাখ টাকায় ইজারা পায় কয়া এলাকার নেসাস প্রিয়াকো খ্রিবাস। তারা প্রতি মাসে ১০ লাখ টাকা জমা দেওয়ার শর্তে বালু তোলা শুরু করেন।
কিন্তু স্থানীয় একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ১২ সেপ্টেম্বর মানববন্ধন করে বালু তোলা বন্ধ করে দেন।ঠিকাদার তার লোকজন ও যন্ত্রপাতি নিয়ে নদী থেকে আসলে চক্রটি বালু লুট শুরু করে। চক্রটি প্রায় ৯০ লাখ টাকা মূল্যের দেড় লাখ ঘনমিটার বালু করলে ৪ অক্টোবর থানায় জিডি করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর কিছুদিন বন্ধ থাকলেও ফের বালু লুট শুরু করেছে চক্রটি।
বুধবার সন্ধা পৌণে ৬টায় সরেজমিন দেখা গেছে, কয়ার ফুলতলা গোরস্তানের পেছনে অবস্থিত গড়াই নদীতে বসানো হয়েছে একটি অবৈধ ড্রেজার। পাইপের সাহায্যে বালু ফেলা হচ্ছে ভরাট করা হচ্ছে গোরস্তানের আঙিনা।
এ সময় ড্রেজার পরিচালনাকারী রেজাউল ইসলাম বলেন, ‘ দুই – তিন হলো নদী থেকে বালু তুলে গোরস্তানে দিচ্ছি। প্রতি ফুট ৬ টাকা দরে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু তোলা হয়েছে। আরও দুই তিন দিনে ৪০ হাজার ফুট বালু তোলা হবে।
তার ভাষ্য, স্থানীয় প্রভাবশালীরা তাকে ডেকে এনে কাজ করাচ্ছে। বিষয়টি প্রশাসনের নলেজে আছে।
গোরস্তানের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, নদীতে ইজারাদারের বালু তোলা শেষ। ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থে স্থানীয় প্রভাবশালী নেতাদের সহযোগীতায় বালু তোলা হচ্ছে। প্রশাসনও জানে। তবে তিনি কোনো নেতার নাম বলেননি।
প্রিয়াংকা ব্রিকসের ব্যবস্থাপক রাকিবুল ইসলাম বলেন, প্রভাবশালীরা ব্যক্তিগত সুবিধা না পেয়ে মানববন্ধন করে বালু বিক্রি বন্ধ করেন। কিন্তু তারাই এখন ইজারা নেওয়া জায়গার বালু লুট করে বিক্রি করছেন। এর আগে প্রায় ৯০ লাখ টাকার প্রায় দেড় লাখ ঘনমিটার বালু লুট করেছিল। সেবার থানায় জিডি করেছি। এবার আবার গোরস্তানের নাম করে ৪০ হাজার ঘনফুট বালু লুট করেছে। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আদালতে মামলা করা হবে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি। দ্রুতই অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post