হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গত সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণাকৃত তালিকা অনুযায়ী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বাচ্চু মোল্লা’র নাম ঘোষণার পর পরই তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে ভীড় জমায় নেতাকর্মীরা। এসময় উচ্ছ্বসিত হয়ে পড়েন নেতাকর্মীরা।
অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বাচ্চু মোল্লা’র হাত ধরে ধানের শীষে জয় নিশ্চিত হবে এমন কথাও লেখেন। দলীয় মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চু মোল্লা ছুটে যান এই আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এর বাড়িতে। সেখানে দীর্ঘসময় তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় নির্বাচনে জুয়েলের সহযোগীতা চান তিনি। ছুটে যান দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলহাজ্ব আলতাব হোসেনের বাড়িতেও।এছাড়াও এই আসন থেকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সকলের সাথে কথা বলেন তিনি।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা এই আসনের চার চারবারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আহসানুল হক মোল্লা’র ছেলে। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি দীর্ঘ সময় ধরে দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটি সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিগত সময় সরকার বিরোধী আন্দোলনে রাজপথে বাচ্চু মোল্লা’র ছিল অসামান্য অবদান। হামলা, মামলা, নির্যাতনসহ সবকিছুর মধ্যেও তিনি রাজপথে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিরোধীদের আতঙ্ক ছিলেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন।মনোনয়নের খবর পাওয়ার পর এক ভিডিও বার্তায় রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আমরা বিএনপি’র সকলে এক পরিবার,পরিবারের মধ্যে কোন ভেদাভেদ করা যাবে না। কোন প্রকার আনন্দ মিছিল ও বিশৃঙ্খলা করা যাবে না। যদি দলের কেউ বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে দৌলতপুর উপজেলা বিএনপি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
প্রিন্ট করুন








Discussion about this post