মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গাংনী উপজেলার আকুবপুর থেকে গাড়াডোব পর্যন্ত মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশ জুড়ে হাজারো মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
নারী-পুরুষ, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে দাঁড়িয়ে বিএনপির বর্তমান ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন দীর্ঘ ১৭ বছর দলের কঠিন সময়ে ত্যাগ স্বীকার করেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন, জেল-জুলুমের সময় পরিবারের খোঁজ নিয়েছেন। অথচ তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে যা নেতাকর্মীদের সঙ্গে অন্যায়।
বক্তারা আরও বলেন, মিল্টন ভাই আমাদের সুখ-দুঃখের সঙ্গী। মামলা-হামলায় আমরা যখন কষ্টে ছিলাম, তখন তিনি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাকে মনোনয়ন না দিলে মাঠের নেতাকর্মীরা ক্ষুব্ধ হবে। প্রয়োজনে আমরা জীবন দেবো, তবুও মনোনয়ন পরিবর্তন চাই।
বিকেল ৫টার দিকে গাড়াডোব এলাকায় গাংনী উপজেলা বিএনপির নেতারা মানববন্ধনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
প্রিন্ট করুন








Discussion about this post