দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীরা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় জনি (৩০) নামে ওই ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
নিহত মাদক পাচারকারী যুবক জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান (৩৬) ও আমিরুল ইসলামের সুমন (৩৫) এর লেবার হিসেবে মাদক পাচার কাজে জড়িত ছিল জনি।
মাদক পাচারের টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সোহান ও সুমন। প্রাণে বাঁচতে জনি আহত অবস্থায় পালিয়ে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান নেয়।
শনিবার দুপুরে জনি নিজ বাড়ি জামালপুর গ্রামে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী সোহান ও সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র মাদক পাচারকারী তার ওপর হামলা চালায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ মুহুর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব না। সেখানে আমাদের টিম কাজ করছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় আনা হবে।
প্রিন্ট করুন







Discussion about this post