।। প্রেস বিজ্ঞপ্তি।।
১৬ দিনের কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড তার চলমান এমপাওয়ারমেন্ট প্রকল্প-এর আওতায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা এবং বৈষম্য নিরসনে ধারাবাহিক সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। প্রকল্পটি সুইজারল্যান্ড এমবেসি ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচি ২৭ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপনের মাধ্য শুরু হয়। এ উপলক্ষে নানিয়ারচর উপজেলার হর্টিকালচার সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও ঘিলাছড়ি ইউপি চেয়াম্যান অমল কান্তি চাকমা, প্রথাগত নেতা হেডম্যান মিজ মনিকা দেওয়ান, নারী অধিকার কর্মী কোয়ালিটি চাকমা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি চেইঞ্জমেকার দলের যুব ও যুব-নারী সদস্যদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালীটি পথচারীদের মাঝে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করে।
২৭ নভেম্বর এমপাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে প্রকল্প এলাকার টিএন্ডটি বাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি পথনাটক প্রদর্শন করা হয়। নাটকের মাধ্যমে পারিবারিক সহিংসতা ও লিঙ্গভিত্তিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরা হয় এবং এসব অন্যায়ের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা জোরালোভাবে উপস্থাপন করা হয়। নাটকটি দর্শকদের আবেগস্পর্শী করে তোলে এবং উপস্থিত সবার কাছ থেকে প্রশংসা অর্জন করে।
৩ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে “Ending AIDS by 2030: Communities Lead the Way” প্রতিপাদ্যকে কেন্দ্র করে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা আয়োজন করা হয়। এ আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অঙ্গদ চাকমাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
একই দিনে নারীর প্রতি সহিংসতা নিরসনের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে একটি শপথ গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। কমিউনিটির উপস্থিতিতে কমিউনিটি চেইঞ্জমেকার দলের সদস্যরা সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন, যা উপস্থিত জনগণের মাঝে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি করে।
৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও তৈচাকমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। একই দিনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে হর্টিকালচার সেন্টারের গেইট থেকে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইট পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালী ও সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করা হয়। এ উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস মনে করে, নারীর প্রতি সহিংসতা ও সামাজিক বৈষম্য প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে হলে সম্মিলিত সচেতনতা, যুবসমাজের অংশগ্রহণ এবং কমিউনিটির সক্রিয় ভূমিকা অপরিহার্য।
প্রিন্ট করুন









Discussion about this post